প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম (ভিজিট : ৭৭)

লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাতে থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন— হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে নেবে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ গতকাল ইসরায়েল লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছে।
ইসরায়েল কাৎজ বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যদি লেবানন সরকার না জানে কিভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়; হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।