প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৩০ পিএম (ভিজিট : ৩৫)

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহতের ঘটনায় এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের শোক
তারিখ: ২৮ জুলাই ২০২৬ খ্রি. স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ৬ জন বাংলাদেশি নাগরিকের করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৮ জুলাই মঙ্গলবার প্রদত্ত এক শোক বিবৃতিতে বলেন,
“দক্ষিণ আফ্রিকায় রুজি-রোজগারের সন্ধানে যাওয়া আমাদের ৬ জন প্রবাসী ভাইয়ের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। জীবন জীবিকার তাগিদে সুদূর প্রবাসে গিয়ে এভাবে আগুনে পুড়ে প্রাণ হারানোর বেদনা সহ্য করা কঠিন। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তাআলা নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অপর প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।”
তিনি বলেন, “নিহত প্রবাসী ভাইদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারের কাছে পৌঁছানো এবং আহত প্রবাসীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”