
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান দেশের পাহারাদার হিসেবে কাজ করবেন এবং সততাকে অত্যন্ত মূল্যায়ন করবেন।
তিনি বলেন, ‘এখন থেকেই তিনি প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটি মন্ত্রীর কর্মকাণ্ড এবং প্রত্যেকটি বিভাগের কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখছেন। ডে ওয়ান থেকে শুরু করে এখন পর্যন্ত আমি তার তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তাধারা ও লক্ষ্য অর্জনের দক্ষতা দেখছি।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে লক্ষ্মীপুর প্রেস ক্লাব।
মন্ত্রী বলেন, ‘তিনি কীভাবে ১৮০ দিনের মধ্যে দ্রুততম সময়ে কাজগুলো সম্পন্ন করতে পারবেন, তা তার নির্বাচনী কমিটমেন্টে অন্তর্ভুক্ত ছিল।’ তিনি জানান, পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘তিনি ইতিমধ্যে
আমাদের এসব বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রতিটি বিভাগ কাজ শুরু করেছে এবং আমরা যারা দায়িত্বশীল, আমরা নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় রয়েছি।’
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, শিক্ষাবিদ ননী গোপাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হোসাইন আহমেদ হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।