প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম (ভিজিট : ১২৩)

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দ। মন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রশাসকবৃন্দ তাঁদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ও ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারী করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি কর্পোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, তাঁরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোঃ আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোঃ শফিকুল ইসলাম খান; খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোঃ সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মোঃ শওকত হোসেন সরকার।