প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম (ভিজিট : ১৪৩)

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শুক্রবার প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছি। তাঁদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়পুর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল; পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিছুল হক আনিছ উল্লেখযোগ্য।
এ ছাড়া সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জায়ের মিয়াজী, অ্যাডভোকেট জাকির হোসেন; উপজেলা যুবদলের আহ্বায়ক আরমান, সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট; পৌর যুবদলের আহ্বায়ক মামুন, সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকির, নবিউল্লাহ রুবেল; উপজেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান হৃদয়; পৌর যুবদলের সদস্য ভূঁইয়া মোহাম্মদ জুয়েল সিরাজী; উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা ও ফরাদ মিয়াজী; পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন মিয়াজী ও হিরন মিয়াজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।