প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ পিএম (ভিজিট : ১৩৭)

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর–১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর–২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর–৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। ছাড়া জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান প্রেজেন্টেশনের মাধ্যমে লক্ষ্মীপুরের নদীভাঙন, জলাবদ্ধতা ও সেচব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, টেকসই বাঁধ নির্মাণ, খাল পুনঃখনন ও ড্রেনেজব্যবস্থা উন্নত করা গেলে অনেকাংশে দুর্ভোগ কমানো সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। “আগে কী হয়েছে বা হয়নি, সেটি বড় বিষয় নয়। এখন কী কাজ হবে, সেটিই গুরুত্বপূর্ণ। উন্নয়নকাজে কোনো ধরনের ফাঁকিবাজি চলবে না,” বলেন তিনি। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চলমান উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।