
প্রিপেইড মিটার ও অতিরিক্ত বিল বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে নাগরিক ফোরামের বিক্ষোভ
প্রি—পেইড মিটার বাতিলসহ তিন দফা দাবিতে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রিয় শহীদ মিনারে ‘‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের’’ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি।
নারায়ণগঞ্জ, ১১ আগস্ট, ২০২৬: আজ মঙ্গলবার প্রি—পেইড বিদ্যুৎ মিটার বাতিল, গ্রাহকদের ওপর অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা বন্ধ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মিথ্যাচার বন্ধসহ তিন দফা দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’—এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল সমাবেশ ও গণমিছিল কর্মসূচি।
সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম এর আহ্ববায়ক এড. মাহবুবুর রহমান ইসমাইল এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম এর উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব— খন্দকার খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম জাগু, এস এম সাজিম আহমেদ, ভবানী শংকর রায়, হাজী নুরুল হুদা, হাজী রুহুল আমীন, রমজানুল রশিদ, জাহাঙ্গীর কবির পোকন, শরীফ সুমন, আবু হোসেন সাজু, রফিকুল ইসলাম জীবন—সহ নারায়ণগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত ও সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “প্রি—পেইড মিটার নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে যে অসন্তোষ ও ভোগান্তি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি দাবি আদায়ের আন্দোলনে নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিক, ভোক্তা ও সচেতন জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং উক্ত সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের ঘোষিত তিন দফা দাবি উত্থাপন ও পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন। নিম্ম বর্ণিত দাবি ও কর্মসূচী :
~ প্রি—পেইড মিটারের সকল কার্যক্রম বাতিল করতে হবে। যেসব গ্রাহকদের বাসায় না জানিয়ে প্রি—পেইড মিটার স্থাপন করে দেওয়া হয়েছে, তাদের প্রিপেইড মিটার বাতিল করে, পূর্বের ডিজিটাল মিটার পুনরায় স্থাপন করে দিতে হবে।
~ গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। স্লাবের নামে ৩ গুন বিল নেওয়ার কৌশল বাতিল এবং ৫০০ ইউনিটের নিচে সকল স্লাব বাতিল করতে হবে। মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।
~ জালানি ও বিদ্যুৎ মন্ত্রীর মিথ্যাচার বন্ধ করতে হবে।
ঘোষিত কর্মসূচি:
দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ আগস্ট থেকে ২৪ আগস্ট ২০২৬ ইং পর্যন্ত নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন করা হবে। এরপর ২৫ আগস্ট, মঙ্গলবার, ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৬ ইং তারিখে ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, নারায়ণগঞ্জ ডিপিডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান, প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, নারায়ণগঞ্জ সাংসদ—৫ ও সাংসদ—৪ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।