
আসন্ন (জকসু) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচলিত পোস্টার লিফলেটের বাইরে গিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব প্রচারণা শুরু করেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক। তিনি শিক্ষার্থীদের মাঝে পোস্টার বর্জন করে সবজির বীজ বিতরণ করছেন যেটি ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ওমর ফারুক (জবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন যাবৎ পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত আছেন। বর্তমানে G17 UAC Bangladesh–এর ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে এসডিজি (Sustainable Development Goals) বাস্তবায়নে কাজ করছেন তিনি। এছাড়া BYLC–এর অধীনে ১৭ দিনের একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পেও কাজ করেছেন। সেই সাথে পরিবেশ নিয়ে তার নিজস্ব একটি সংগঠন রয়েছে।
ওমর ফারুক এ বিষয়ে বলেন,“আমি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করছি। জকসুর মতো একটি প্ল্যাটফর্ম পেলে এই কাজগুলো আরো বড় পরিসরে করতে পারবো। তাই আমার এই পদে আসার মূল উদ্দেশ্য পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলা।”
তার মতে, একদিকে যেমন পরিবেশ দূষণ কমছে, অন্যদিকে শিক্ষার্থীদের মাঝেও পরিবেশ সচেতনতা তৈরি হচ্ছে। অনেক শিক্ষার্থী এই ভিন্নধর্মী উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তাকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।
শুধু প্রচারণায় নয়, ইশতেহারেও রয়েছে বাস্তবভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিশ্রুতি।
তার ঘোষিত ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
১.ক্যাফেটেরিয়া উন্নয়ন, ক্যাফেটেরিয়ায় কর্মরতদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, ভালো মানের শেফ নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি নিশ্চিত করা।
২.স্বাস্থ্যসম্মত ওয়াশরুম- প্রতিটি ওয়াশরুমে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা নিশ্চিত করা, টিস্যু ও সাবান সরবরাহ এবং প্রত্যেক ফ্লোরে ক্লিনার নিয়োগ।
৩.আধুনিক মেডিকেল সেন্টার- ‘নাপা সেন্টার’ খ্যাত মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করে সেখানে ব্লাড গ্রুপিং, সিবিসি টেস্ট, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার র্যাপিড চিকিৎসা চালু করা।
৪.স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি- ছাত্রীদের জন্য টিটি ও সার্ভিক্স ভ্যাকসিন এবং ছেলে–মেয়ে উভয়ের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন নিশ্চিত করা, পাশাপাশি ত্রৈমাসিক হেলথ ক্যাম্পের আয়োজন।
পোস্টারের পরিবর্তে হাতে থাকা কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালাচ্ছেন ওমর ফারুক। তার ভাষ্য মতে,“প্ল্যাকার্ডে বার্তা সহজে ভিজুয়ালাইজ করা যায়। একই সঙ্গে পোস্টার দূষণ থেকে বিরত থাকা।”
এরকম পরিবেশবান্ধব চিন্তা, ব্যতিক্রমী প্রচারণা এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যাকে গুরুত্ব দিয়ে সাজানো ইশতেহারের কারণে জকসু নির্বাচনে ওমর ফারুক তার প্রচারণাতে আলাদা মাত্রা যোগ করেছেন বলছে অনেক শিক্ষার্থী।