| শিরোনাম: |

অভিমানী
বলনা কি হয়েছে তোর, মাথা কেনো নিচু।
মনেতে কি মেঘ জমেছে, কেউ বলেছে কিছু?
মুখখানা যে মলিন তোর, দুচোখ ভরা জল।
কোন বিষাদে নীরব এমন, বল না খুলে বল।
স্বপ্ন কি তোর হাওয়ায় ভেসে, তলিয়ে গেছে জলে?
তাই বলে কি বসে আছিস, একলা’ নদীর কূলে?
আয় না সখী জড়িয়ে ধরি, মুছিয়ে দেই কান্না।
যেমন ছিলাম তোর পাশে, আছি তেমন শোন না।
নতুন করে সাজবি আবার, গাঁথবি বকুল মালা।
হয়তো আবার মন- সাগরে” ভাসবে ফুলের ডালা।
সুখের বাঁশি বাজবে আবার, হৃদয় উঠবে ভরে।
অভিমানী মনটা আবার, জড়িয়ে নিবি চাদরে।
অন্ধকারের পরে আবার, ফুটবে ভোরের আলো।
দুঃখের পরে সুখ আসে, জেনে রাখিস ভালো।
অভিমান করিস না আর, বল না আমায় বল।
লুকিয়ে রাখার জন্য, আর করিস না ছল।
তুই যে বড় অভিমানী, সবটা আমি জানি।
আজও কি বুঝিসনে তুই, ভালোবাসি কতখানি।
বল না কি হয়েছে তোর, করিস না মাথা নিচু।
মনেতে কি আঘাত দিয়েছে, কেউ বলেছে কিছু?
