মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ০৭.১২.২০২৫ ৬:৫০ পিএম (ভিজিট : ২০৫)

সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) এর ডান হাত কাঁধ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। অপর আরোহী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের এবং মাহমুদুল হাসান সোনাইমুড়ী পৌরসভার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, বিজয় ও হাসান মোটরসাইকেলযোগে সোনাইমুড়ী থেকে কুমিল্লামুখী মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই সড়কে ছিটকে পড়ে যান এবং বিজয়ের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, “বিজয়ের অবস্থা আশঙ্কাজনক। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। আহত হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার মূল কারণ ট্রাকের ধাক্কা হিসেবে শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।