প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২:৪১ পিএম (ভিজিট : ১৫৭)

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পাটগ্রাম জিসি থেকে ভেরভেরিরহাট ভায়া মুন্সিরহাট গামী রাস্তার মাঝেই ২টি বড় গাছ রেখে পিচ ঢালাই ও কার্পেটিং এর কাজ সম্পন্ন করেছে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান । দূর্ঘটনার আশংকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাটগ্রাম সুত্রে জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ সড়ক রক্ষণা-বেক্ষণ কর্মসূচির আওতায় পাটগ্রাম জিসি ভেরভেরিরহাট ভায়া মুন্সিরহাট গামী চে.২০২০মি. ৩৭০০ মি. (৫.৫মি.প্রস্থ ও ১৬৮০মি. দৈর্ঘ্য) রাস্তার সংস্কার করণ কাজ ২কোটি ৩৩ লাখ ৮১৪.৫০ টাকায় দরপত্র আহ্বানের মাধ্যমে পিচ ঢালাই ও কার্পেটিং এর কাজ করার কার্যাদেশ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিয়া কনস্ট্রাকশন। কিন্তু রাস্তার প্রসস্থ করণ কাজ করতে গিয়ে ওই সড়কের প্রায় মাঝ পথেই পড়ে ২টি বড় ডুমুরসহ মোট ৮টি গাছ। কিন্তু গাছ অপসারনে লালমনিরহাট জেলা পরিষদ ও বন বিভাগের অনুমতি না পাওয়ায় রাস্তার মাঝখানে গাছ রেখে যাবতীয় কাজ সম্পন্ন করেছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারি প্রতিষ্ঠান সুত্র জানায়, জেলা পরিষদ ও বন বিভাগের নিকট গাছ কাটার আবেদন করে অনুমতি না পাওয়ায় গাছ রাস্তার মাঝেই রেখে কাজ সম্পন্ন করা হয়েছ। কারন কাজের মেয়াদ ২১ জানুয়ারি ২৫ থেকে ১২ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
গাছ রাস্তার উপর রেখে কাজ করার ফলে ওই রাস্তায় দিনের বেলা কিংবা শীতের ঘন কুয়াশায় যেকোন সময় যানবাহন গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার আশঙ্কা করছেন রাস্তায় চলাচলকারী পথচারী ও এলাকাবাসী।
রাস্তার নির্মাণ কাজে তদারকির দায়িত্বে নিয়োজিত উপ-প্রকৌশলী মানিক মিয়া গাছের কারনে মানুষ ও যানবাহন চলাচলের অসুবিধা হওয়ার কথা স্বীকার করে বলেন, গাছ কাটার অনুমতি না পাওয়ায় কাজ শেষ করতে হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান বলেন, গাছ কাটার চিঠি জেলা প্রশাসক, জেলা পরিষদ ও বন বিভাগের কাছে অনেক আগেই প্রেরণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পেলেই গাছ সরিয়ে রাস্তার কাজ করে নেয়া হবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব শামসুল হক বলেন, রাস্তার কাজ সমাপ্ত হলেও গাছ গুলো অপসারণের অনুমতি না পাওয়ায় সরানো সম্ভব হচ্ছে না। তবে যতদ্রুত সম্ভব গাছগুলো রাস্তার উপর থেকে সরিয়ে কাজ করার চেষ্টা চলছে।