প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ এএম (ভিজিট : ১৫৯)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কালিয়াকৈরে উপজেলার সর্বস্তরের জনগন। দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনি প্রদান করে কালিয়াকৈরে থানা পুলিশের একটি চৌকস দল।
গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে ভোরের কুয়াশা ভেদ করে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এরপরপরই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন । মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর -১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর থানা, কালিয়াকৈর পৌরসভা, কালিয়াকৈর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাব, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা সোপান উন্মুক্ত করে দেয়া হয়।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। নারী-পুরুষ,তরুণ-তরুণীসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন মিলেছে একই মোহনায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে কালিয়াকৈরের বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে এখানে এসেছে । স্বাধীনতা সোপানে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় স্বাধীনতা সোপানের আশপাশ। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। এ উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। পরিশেষে বীর মুক্তি যোদ্ধাদের সম্মান প্রদর্শন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ও ক্রেস্ট প্রদান করা হয়।