প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম আপডেট: ১৭.১২.২০২৫ ৫:৫৪ পিএম (ভিজিট : ৫৫৫)

রংপুরে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাজহাট (এটিআই)-এর শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে বোর্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে ইনস্টিটিউট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি, আন্দোলন ও লকডাউন কার্যক্রম পালন করেন।
পরীক্ষা বর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তালা ঝুলিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন তারা। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেদের ৮ দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা তাদের যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছেন। তবে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। এতে কৃষি ডিপ্লোমা শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে
কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বৃদ্ধি, ব্যবহারিক ও মাঠভিত্তিক প্রশিক্ষণ জোরদার, চাকরিতে ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণসহ মোট ৮ দফা দাবি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না। প্রয়োজনে সারাদেশের সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে খামারবাড়ি, ঢাকা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাজহাট, রংপুরের উপাধ্যক্ষ মোছাঃ রাহেলা পারভীন বলেন, “আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীরা কেউ অংশগ্রহণ করেননি। পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও দীর্ঘস্থায়ী ও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে তারা হুঁশিয়ারি দেন।