প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪২ এএম আপডেট: ২২.০৯.২০২৫ ১১:৪৪ এএম (ভিজিট : ১৯৮)

প্রকাশিত হতে যাচ্ছে লেখক তৌফিক সুলতানের নতুন গ্রন্থ ‘World of Knowledge – জ্ঞানের জগৎ (জ্ঞানকোষ)’। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম এবং জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে রচিত এই বই পাঠকদের নতুনভাবে চিন্তা করতে অনুপ্রাণিত করবে।
লেখক তৌফিক সুলতান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক ও সমাজসেবক। গাজীপুর জেলার কাপাসিয়ার বারিষাব গ্রামে জন্ম নেওয়া এই তরুণ লেখক ইতিমধ্যেই জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেলে নিয়মিত লেখালেখির মাধ্যমে পাঠকের কাছে পরিচিত হয়ে উঠেছেন। তার লেখনীতে রয়েছে ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের সমন্বয়।
‘World of Knowledge – জ্ঞানের জগৎ’ কেবল একটি বই নয়; এটি এক অনন্য জ্ঞানকোষ। এখানে প্রাচীন সভ্যতা, নবীদের জীবন, আধুনিক বিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান ও মানবজীবনের শিক্ষাকে একত্রিত করা হয়েছে। ছাত্র, গবেষক, শিক্ষক ও সাধারণ পাঠক—সবাই এই বই থেকে জ্ঞানের আলোকবর্তিকা খুঁজে পাবেন।
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, বইটির প্রথম মুদ্রণ হবে ৩০০ কপি। ১১২ পৃষ্ঠার এই বইটি মানসম্মত কাগজ, রঙিন কভার ও হার্ডবোর্ড বাঁধাইসহ প্রকাশিত হবে। মলাট মূল্যের ওপর লেখককে রয়্যালটি দেওয়া হবে এবং বইটি আগামী ৯০ দিনের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তৌফিক সুলতান স্যারের বিশ্বাস—
“একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে।”
এই বই সেই বিশ্বাসেরই প্রতিফলন, যা পাঠকদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।