প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম (ভিজিট : ৩৪৪)

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় পাবনা জেলায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা খাতুন।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কঠোর প্রতিযোগিতার মধ্যদিয়ে মালিহা খাতুন তার চিন্তাশীলতা, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
মালিহা খাতুন সাঁথিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নূর মোঃ আনোয়ার রশিদ খান বলেন, মালিহার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের। তার মেধা ও পরিশ্রম ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আমরা আশাবাদী।
মালিহার বাবা মোঃ মাহবুবুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, মেয়ের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মালিহা সবসময় পড়ালেখার প্রতি মনোযোগী। তার এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতা বড় ভূমিকা রেখেছে। আমি চাই, সে ভবিষ্যতে একজন সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠুক এবং দেশের জন্য কিছু করতে পারুক।
সাফল্য অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মালিহা জানায়, এই অর্জন আমার শিক্ষক ও বাবা–মায়ের অনুপ্রেরণার ফল। আমি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।
উল্লেখ্য, জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে মালিহা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।