
মাদারীপুর জেলার ডাসার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বালিগ্রাম, কাজীবাকাই ও ডাসার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম ও নথিপত্র সরেজমিনে পরিদর্শন করেন মাদারীপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) জনাব মোছাঃ জেসমিন আকতার বানু।
পরিদর্শনকালে তিনি বলেন, গ্রাম আদালতের বিচার্য কোনো মামলাই শালিসের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে না। আইন অনুযায়ী নির্ধারিত এজলাসে বসেই গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সকল নথি ও রেজিস্টার হালনাগাদ রাখতে হবে।
পরিদর্শনে উঠে আসে, বালিগ্রাম ইউনিয়নে প্রকল্প শুরুর পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৭৩টি মামলা দায়ের হয় এবং সবগুলো মামলাই নিষ্পত্তি ও বাস্তবায়ন করা হয়েছে। এ ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে আদায়কৃত ক্ষতিপূরণের পরিমাণ ২৯ লাখ ২০ হাজার টাকা।
কাজীবাকাই ইউনিয়ন পরিষদে একই সময়ে মোট ৬৬টি মামলা দায়ের হয়, যার সবগুলোই নিষ্পত্তি ও বাস্তবায়ন করা হয়েছে। এখানে আদায়কৃত মোট ক্ষতিপূরণের পরিমাণ ৪১ লাখ ৭৪ হাজার ১০০ টাকা।
অন্যদিকে ডাসার ইউনিয়ন পরিষদে প্রকল্প শুরু থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৪৪টি মামলা দায়ের হয় এবং উচ্চ আদালত থেকে প্রাপ্ত ১টিসহ মোট ৪৫টি মামলাই নিষ্পত্তি ও বাস্তবায়ন করা হয়েছে। এ ইউনিয়নে ক্ষতিপূরণ আদায়ের পরিমাণ ৩৩ লাখ ৭ হাজার টাকা।
উপ-পরিচালক আরও জানান, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। এ আদালতে দেওয়ানি মামলার ফি মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার ফি ১০ টাকা। এর বাইরে কোনো অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। তিনি নির্ধারিত দিনে প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের শুনানি কার্যক্রম নিয়মিত পরিচালনার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি তিনটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং মামলার আবেদন ও নিষ্পত্তির হার আরও বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি প্রকল্পের আওতায় প্রদত্ত এজলাস যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এসি (এলজি), স্থানীয় সরকার শাখা, মাদারীপুর; ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ আল মামুন; ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর জনাব নাসির উদ্দিন লিটনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, এএসিও, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।