প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম (ভিজিট : ২৪৯)

আরাকান লিবারেশন মুভমেন্টের আহ্বায়ক মোহাম্মদ রফিক রোহিঙ্গা শিশু ও যুবকদের ভবিষ্যৎ সুরক্ষা এবং মানবিক উন্নয়নের লক্ষ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC)-এর নিকট একটি স্মারকলিপি পেশ করেছেন।
স্মারকলিপিতে নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসন কার্যকর না হওয়া পর্যন্ত রোহিঙ্গা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা (অনার্স, মাস্টার্স ও পিএইচডি) চালুর পাশাপাশি খণ্ডকালীন চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়। স্মারকলিপিটি সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ (CiC)-এর মাধ্যমেও উপস্থাপন করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে রোহিঙ্গা শিক্ষার্থীদের শিক্ষা উচ্চমাধ্যমিক পর্যায়ে সীমাবদ্ধ থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ছে এবং হতাশায় ভুগছে। তাই উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালু হলে তারা আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারবে, যা ভবিষ্যতে নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়াকে সহায়ক করবে।
এতে আরও বলা হয়, শিক্ষা ও কর্মদক্ষতা উন্নয়নের সুযোগ পেলে রোহিঙ্গা তরুণ প্রজন্ম আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অধিকার, নাগরিকত্ব, মানবাধিকার এবং ন্যায়বিচারের বিষয়গুলো যুক্তিসঙ্গতভাবে তুলে ধরতে সক্ষম হবে।
আরাকান লিবারেশন মুভমেন্ট আশা প্রকাশ করেছে, মানবিক ও বাস্তবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।