প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ এএম (ভিজিট : ১৬৪)

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনের নির্বাচনী মাঠে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থে আমি জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।” একই সঙ্গে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিন ইয়ামিন মোল্লার এই আকস্মিক সমর্থন ঘোষণায় কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।