গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
নারী ভোটারের দীর্ঘ লাইন, অনিয়মের অভিযোগে সরগরম নোয়াখালী-১
মোঃ শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৭৬)

নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আসনটির সোনাইমুড়ী অংশে ৬৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ১৮ হাজার ৫১১ জন।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে রিকশায় করে দলে দলে নারী ভোটারদের আসতে দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি ছিল বেশি। অধিকাংশ নারী ভোটার বোরকা ও নেকাব পরে কেন্দ্রে আসেন। পতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নারীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে কেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নারী এজেন্ট নিজেদের প্রার্থীর নাম স্পষ্টভাবে বলতে পারেননি। নেকাব পরিহিত ভোটারদের পরিচয় যাচাইয়ে দায়িত্বপ্রাপ্তদের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা।

রামপুর, জয়াগ ও পিতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের উপস্থিতি কমে এবং পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে থাকে। দুপুর ২টার পর অধিকাংশ কেন্দ্রেই উপস্থিতি কিছুটা কমে যায়। ভোট দিয়ে বের হয়ে এক প্রবাসী ভোটার বলেন, প্রায় ২০ বছর বিদেশে থাকলেও গত ১৭ বছর ভোট দিতে পারেননি। এবার ভোট দিতে পেরে তিনি আনন্দিত।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে অনিয়মের অভিযোগ তোলেন কয়েকজন প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত হয়নি। তাঁর দাবি, কয়েকটি কেন্দ্রে তাঁর সমর্থকদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আগের অভিযোগগুলো আমলে নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

জয়াগ ইউনিয়নের উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগ তোলেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মুফতি হোসাইন আহম্মেদ। তাঁর বক্তব্য, কিছু দলের এজেন্টদের পরিচয়পত্রে বুথ নম্বর উল্লেখ না থাকায় তারা অবাধে চলাফেরা করছেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেন উলুপাড়া কেন্দ্রের ধানের শীষ প্রতীকের দায়িত্বশীল আব্দুল গনী পাটোয়ারী মামুন। তাঁর ভাষ্য, কেন্দ্রটি জামায়াত প্রার্থীর গ্রামের বাড়ির এলাকায় হওয়ায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। প্রশাসন কেন্দ্রটিকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বলেও তিনি দাবি করেন।

এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ ছাইফ উল্যাহও অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, গত রাতে তাঁর কর্মীদের ওপর হামলা হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। পাপুয়া ভোটকেন্দ্রে হামলা ও সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। এসব বিষয়ে অভিযোগ করা হলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, দাঁড়িপাল্লা ও হাতপাখা প্রতীকের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ এলেও ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া জাতীয় পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় সমাজতান্ত্রিক দল ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের অধিকাংশ কেন্দ্রেই দেখা যায়নি।

তবে সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com