প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম (ভিজিট : ১৪০)

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ভারতের জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের প্রতি সমর্থন জানাতেই ‘মেন ইন ব্লু’র জার্সি গায়ে তোলেন তিনি।
আজ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর ফাইনাল, যেখানে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে অ্যাডিডাসের ভারতীয় শাখা অ্যাডিডাস ইন্ডিয়া।
সেখানে ভারতের ক্রিকেট জার্সি পরে দেখা যায় মেসিকে।
ছবিটি প্রকাশের পরই দ্রুত ভাইরাল হয়ে যায়। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকার এমন সমর্থন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিকেটপ্রেমীরা।
ফুটবল ও ক্রিকেট—দুই জনপ্রিয় খেলার এই অপ্রত্যাশিত মিলন মুহূর্তটি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এই ঘটনাটি অনেককে মনে করিয়ে দেয় মেসির ২০২৫ সালের ঐতিহাসিক ভারত সফরের কথাও। ‘গোট ইন্ডিয়া ট্যুর’–এর অংশ হিসেবে সে সময় তিনি ভারতের বিভিন্ন শহর সফর করেছিলেন। সফরকালে মেসি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন, বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেন এবং বিশেষ ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সফরের শেষ ধাপে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ভারতের ক্রিকেট দলের একটি জার্সি ও একটি ক্রিকেট ব্যাট উপহার দেন আইসিসি সভাপতি জয় শাহ।
ওই অনুষ্ঠানে মেসি ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি অলিম্পিক ও প্যারালিম্পিক পদকজয়ী কয়েকজন ক্রীড়াবিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।