প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৩৩ এএম (ভিজিট : ১২৬)

গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতার বিষয়টি সব সময় স্মরণ রাখা উচিত। ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন কেউ চড়াও হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, মুক্ত ও স্বাধীন গণমাধ্যমই সবার কাম্য।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে। আগামীকাল দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন সংসদ গঠিত হবে এবং সেই সংসদকেই রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত ১৭ বছরে অনেক সাংবাদিক হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং এক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম এই তিন শক্তির সমন্বয়েই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।