| শিরোনাম: |

মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান পুনরায় চালু করলো তাদের মালে -ঢাকা সরাসরি ফ্লাইট। উদ্বোধনী ফ্লাইটটি আজ ভোর ৫:২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে মালে–ঢাকা–মালে সরাসরি ফ্লাইকে স্বাগত জানানো হয়।
উদ্বোধনী ফ্লাইট মালদিভিয়ান একটি এ ৩২০ মডেলের এয়ারবাস সম্পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা অবতরণ করে এবং একই দিন সকাল ৬:২০ মিনিটে পুনরায় ঢাকা থেকে মালের উদ্দেশে যাত্রা করে। বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাগত জানান মালদিভিয়ানের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট-জিএসএ গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেস–এর কর্মকর্তারা।
প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন টিকিটের ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭,৮৮০ টাকা। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার ১৬৭১-এর মাধ্যমে চালু রয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াসির এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপ–এর প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ–এর মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির পর এই ফ্লাইট পুনরায় চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশীদ, মালদিভিয়ানের গ্রাউন্ড অপারেশন্স পরিচালক আহমেদ ইব্রাহিম, এবং জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহাম্মদ সাফাহ। অনুষ্ঠানে রাষ্ট্রদূত রশীদ বলেন, এই ফ্লাইট পুনরায় চালু হওয়ার ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে।
বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ—এর মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান—যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
